রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আজ মঙ্গলবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল সোমবারের তুলনায় আজ বেশি পুলিশি তৎপরতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখা গেছে।
এই হাসপাতালে গত ১০ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন দলীয় নেতা–কর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজও এসে হাসপাতালে সামনে জড়ো হচ্ছেন।
সকাল নয়টার দিকে দেখা যায়, নেতা–কর্মীদের ভিড় ক্রমশ বাড়ছে। হাসপাতালের সামনে সড়কে ব্যারিকেড বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও র্যাবের সদস্যদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। গতকাল পর্যন্ত এসব ব্যারিকেড ছিল না।
সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, যেকোনো পরিস্থিতি সামাল দিতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রায় ৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
নেতা–কর্মীরা জানাচ্ছেন, খালেদা জিয়াকে দেখতে না পেলেও তাঁর কাছাকাছি এসে খোঁজ নেওয়ার মধ্যেই কিছুটা স্বস্তি পান তাঁরা। বরিশালের নজরুল ইসলাম বলেন, "দেখতে পাব না জানি, কিন্তু মন হালকা করতে এসেছি। ছোটবেলা থেকেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আছে।"
উত্তরা থেকে আসা বিএনপি কর্মী সোহেলী পারভিন শিখা বলেন, "গতকাল থেকে তাঁর খবর না পেয়ে আতঙ্কে এসেছি।"
উল্লেখ্য, হঠাৎ শারীরিক অবনতি হওয়ায় খালেদা জিয়াকে আইসিইউতে স্থানান্তর করে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
